লোড হচ্ছে...
আন্তর্জাতিক ডেস্ক: রোমানিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করা একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ন্যাটো। রোববার ভোরে ইউক্রেন সীমান্তসংলগ্ন এলাকায় ন্যাটোর এয়ার-প...
আন্তর্জাতিক ডেস্ক: রোমানিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করা একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ন্যাটো। রোববার ভোরে ইউক্রেন সীমান্তসংলগ্ন এলাকায় ন্যাটোর এয়ার-প্যাট্রোল মিশনে থাকা স্পেনের একটি এফ-১৮ যুদ্ধবিমান ড্রোনটি ধ্বংস করে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে রোমানিয়ার আকাশসীমায় ভূপাতিত হওয়া এটি চতুর্থ ড্রোন। ঘটনাটি ইউক্রেন যুদ্ধের প্রভাব ন্যাটোভুক্ত দেশগুলোর আকাশসীমায় ছড়িয়ে পড়ার ঝুঁকিকে আবারও সামনে এনেছে।
রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোনটি ইউক্রেন ও মলদোভার সীমান্তসংলগ্ন এলাকায় রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে। পরে ন্যাটোর এয়ার-প্যাট্রোল মিশনে থাকা স্পেনের এফ-১৮ যুদ্ধবিমান সেটিকে ভূপাতিত করে।
ড্রোনটির ধ্বংসাবশেষ ইউক্রেন সীমান্তের কাছে গালাতি অঞ্চলের একটি জনমানবহীন এলাকায় গিয়ে পড়ে। ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে রোমানিয়ায় স্পেনের সেনা সদস্য ও যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দেশটির পূর্বাঞ্চলীয় সীমান্তে রুশ ড্রোনের অনুপ্রবেশ ও ধ্বংসাবশেষ পড়ার ঘটনা একাধিকবার ঘটেছে।
এর আগে পোল্যান্ড ও বাল্টিক অঞ্চলেও একই ধরনের ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটে। গত শুক্রবার লাটভিয়ার আকাশসীমায় প্রবেশ করা একটি ড্রোন ন্যাটোর বাহিনী ভূপাতিত করে। এর আগে জুন মাসেও লাটভিয়ায় অনুপ্রবেশকারী একটি ড্রোন ভূপাতিত করা হয়েছিল।
২০২৩ সালে ইউক্রেনের দানিউব নদীতীরবর্তী বন্দরগুলোতে রাশিয়ার ধারাবাহিক ড্রোন হামলার সময়ও রোমানিয়ার ভূখণ্ডে ধ্বংস হওয়া ড্রোনের অংশবিশেষ পাওয়া যায়। বিশেষ করে ইউক্রেনের ইজমাইল ও রেনি বন্দরে হামলার সময় সীমান্তবর্তী রোমানিয়ার বিভিন্ন এলাকায় এসব ধ্বংসাবশেষ পড়ে।
সূত্র: রয়টার্স ও রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে