লোড হচ্ছে...
সালালাহ: ওমানের ধোফার গভর্নরেটের শাত ভিউপয়েন্টে নতুন কাঁচের স্কাইওয়াক চালুর পর থেকে ৫০ হাজারেরও বেশি দর্শনার্থী সেখানে ভিড় করেছেন। খারিফ মৌসুমে পশ্...
সালালাহ: ওমানের ধোফার গভর্নরেটের শাত ভিউপয়েন্টে নতুন কাঁচের স্কাইওয়াক চালুর পর থেকে ৫০ হাজারেরও বেশি দর্শনার্থী সেখানে ভিড় করেছেন। খারিফ মৌসুমে পশ্চিম ধোফারের পাহাড়চূড়ার এই পর্যটনকেন্দ্রটি এখন গভর্নরেটের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।
আল কামার পর্বতমালায় সাগের পর্বতের ঢালে অবস্থিত শাত সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার মিটারেরও বেশি উচ্চতায় অবস্থান করছে। এখান থেকে সবুজ পাহাড়, বিস্তৃত উপকূলরেখা এবং আরব সাগরের মনোরম দৃশ্য উপভোগ করা যায়।
ভ্রমণপিপাসুদের আকর্ষণ বাড়াতে সম্প্রতি ভিউপয়েন্টটিতে যুক্ত করা হয়েছে একটি আধুনিক কাঁচের স্কাইওয়াক প্ল্যাটফর্ম। ১০ মিটার দৈর্ঘ্য ও ১২ মিটার প্রস্থের এই কাঁচের প্ল্যাটফর্ম থেকে দর্শনার্থীরা পাহাড়ের ঢাল ও সমুদ্রের বিস্তৃত দৃশ্য উপভোগ করতে পারেন।
প্রকল্পটির আওতায় কাঁচের প্ল্যাটফর্মের পাশাপাশি দর্শনার্থীদের জন্য পর্যবেক্ষণ ডেক, বসার ও বিশ্রামের স্থান, পথচারী চলাচলের পথ, পার্কিং ব্যবস্থা, পরিষেবা কেন্দ্র, খুচরা বিক্রয়কেন্দ্র, শিশুদের খেলার জায়গা এবং একটি উন্মুক্ত মঞ্চও তৈরি করা হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়নকারী সেগার ইনভেস্টমেন্ট কোম্পানির মালিক আহমেদ বিন সাঈদ বাকি জানান, কাঁচের কাঠামো নির্মাণের আগে কাঠামোগত ও পরিবেশগত সমীক্ষা, বায়ু ও ভার বিশ্লেষণ, মাটি পরীক্ষা এবং নিরাপত্তা মূল্যায়ন সম্পন্ন করা হয়েছে।
দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্ল্যাটফর্মটি ৪০ টন ভার বহনের সক্ষমতার পরীক্ষা অতিক্রম করেছে। প্ল্যাটফর্মের মেঝেতে মোট ৪৩ মিলিমিটার পুরুত্বের তিন স্তরের কাচ ব্যবহার করা হয়েছে।
নিরাপত্তা ও দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নির্দিষ্ট সময়ে সর্বোচ্চ ৩০ জনের দলে প্ল্যাটফর্মে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে।
ধোফার পৌরসভার আগস্টের শুরুর দিকের পরিসংখ্যান অনুযায়ী, উদ্বোধনের পর থেকেই শাত ভিউপয়েন্টে দর্শনার্থীর সংখ্যা দ্রুত বেড়েছে। সালালাহ থেকে রাখিউত ও ধলকুটের দিকে যাওয়ার সড়কের পাশে, শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি এর উচ্চতা ও পাহাড়ি-উপকূলীয় প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ছবি তোলার জন্যও জনপ্রিয় হয়ে উঠেছে।
পর্যটন অভিজ্ঞতার পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে উৎসাহিত করতেও নেওয়া হয়েছে উদ্যোগ। ভিউপয়েন্ট এলাকায় ওমানি খাবার, ধূপ, সুগন্ধি, হস্তশিল্পসহ বিভিন্ন স্থানীয় পণ্য বিক্রির জন্য কারুশিল্পী ও স্থানীয় পরিবারের জন্য স্থান বরাদ্দ করা হয়েছে।
শাত ভিউপয়েন্টের উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজও পরিকল্পনায় রয়েছে। ধোফার পৌরসভার ২০২৫ সালের ঘোষণায় দ্বিতীয় পর্যায়ে বিশ্রাম এলাকা, গণসুবিধা, পর্যবেক্ষণকেন্দ্র, পার্কিং এবং ল্যান্ডস্কেপিংয়ের কথা জানানো হয়েছিল। এ পর্যায়ে ব্যয়ের পরিমাণ ১০ লাখ ওমানি রিয়ালেরও বেশি বলে উল্লেখ করা হয়েছে।
খারিফ মৌসুমে কুয়াশাচ্ছন্ন সবুজ পাহাড়, নিচে বিস্তৃত ঢাল এবং দূরে আরব সাগরের দৃশ্য—সব মিলিয়ে শাত ভিউপয়েন্টে নতুন কাঁচের স্কাইওয়াক ধোফারের পর্যটনে যোগ করেছে নতুন মাত্রা। ফলে স্থানটি এখন দেশি-বিদেশি পর্যটকদের জন্য ধোফারের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে আরও পরিচিতি পাচ্ছে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে