লোড হচ্ছে...
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৬ বাংলাদেশি প্রবাসীর দাফন সম্পন্ন দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের সমো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ছয় ব...
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৬ বাংলাদেশি প্রবাসীর দাফন সম্পন্ন
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের সমো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ছয় বাংলাদেশি প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর কুইন্সটাউন জামে মসজিদে দুই দফায় তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে কুইন্সটাউনের ইজিবিলিনি মুসলিম কবরস্থানে ছয় প্রবাসীর দাফন সম্পন্ন করা হয়।
জানাজায় স্থানীয় মুসল্লিদের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিভিন্ন শহর থেকে আসা বাংলাদেশি প্রবাসী, কমিউনিটি নেতা এবং সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। জানাজা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি
ভয়াবহ আগুনে মরদেহগুলো সম্পূর্ণ পুড়ে যাওয়ায় আলাদাভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এ কারণে ছয়জনকে তিনটি কবরে দুজন করে দাফন করা হয়েছে।
স্থানীয় কমিউনিটি নেতারা জানান, নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হতে পারে। তবে আইনি ও প্রশাসনিক জটিলতা এবং পরিবারের সম্মতির ভিত্তিতে তাদের দক্ষিণ আফ্রিকাতেই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।
যেভাবে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা
গত ২৮ জুলাই ভোররাতে সমো এলাকার ‘মা ক্যাশ অ্যান্ড ক্যারি’ সুপারশপের আবাসিক অংশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় দোকানের পেছনের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন সাত বাংলাদেশি।
আগুনে নারায়ণগঞ্জের মো. ফয়সাল (২৬), মো. ফাহিম (২৯), শামীম হাসান (৩০), মোহাম্মদ আপন (২৩), নূর মোহাম্মদ (৫৫) এবং মুন্সীগঞ্জের রাজিক বেপারী (৫৫) নিহত হন।
একই ঘটনায় গুরুতর আহত হন মো. সুমন। দীর্ঘ চিকিৎসার পর বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। শনিবার সহকর্মীদের জানাজা ও দাফনে উপস্থিত হয়ে তাদের শেষ বিদায় জানান তিনি।
ছয় বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যুতে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে