লোড হচ্ছে...
মাস্কাট: দুই দেশের মধ্যে সামুদ্রিক যোগাযোগ, বাণিজ্য ও লজিস্টিকস সহযোগিতা আরও জোরদার করতে সোহর বন্দর ও পাকিস্তানের গোয়াদার বন্দরের মধ্যে ঘনিষ্ঠ সহযোগি...
মাস্কাট: দুই দেশের মধ্যে সামুদ্রিক যোগাযোগ, বাণিজ্য ও লজিস্টিকস সহযোগিতা আরও জোরদার করতে সোহর বন্দর ও পাকিস্তানের গোয়াদার বন্দরের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে ওমান ও পাকিস্তান।
পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি পাকিস্তানে নিযুক্ত ওমানের কনসাল জেনারেল সামি আবদুল্লাহ সেলিম আল খানজারি এবং গোয়াদার বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নূর উল হক বালুচের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সোহর ও গোয়াদার বন্দরকে ‘সিস্টার পোর্ট’ হিসেবে গড়ে তোলার সম্ভাবনাও খতিয়ে দেখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ওমানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ নাভিদ সফদার বোখারি বলেন, দুই দেশের মধ্যে সংযোগ ও লজিস্টিকস সহযোগিতা বাড়ানোর প্রচেষ্টা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, পাকিস্তান ও ওমানের বন্দরগুলোর মধ্যে যোগাযোগ কীভাবে আরও সম্প্রসারিত করা যায় এবং লজিস্টিকস সহযোগিতা কীভাবে জোরদার করা যায়, তা নিয়ে উভয় পক্ষ সক্রিয়ভাবে কাজ করছে।
বিশ্লেষকদের মতে, সোহর ও গোয়াদার বন্দরের মধ্যে সহযোগিতা জোরদার হলে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, নৌপরিবহন ও লজিস্টিকস খাতে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। একই সঙ্গে এ উদ্যোগ চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি), উপসাগরীয় বাজার এবং মধ্য এশিয়ার সঙ্গে আঞ্চলিক বাণিজ্যিক সংযোগ আরও শক্তিশালী করতে ভূমিকা রাখতে পারে।
এদিকে, নবনির্মিত গোয়াদার আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সালামএয়ারের মাধ্যমে গোয়াদার ও ওমানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর সম্ভাবনাও আলোচনায় এসেছে। এ ধরনের সংযোগ চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসায়িক ও যাত্রী চলাচল আরও সহজ হতে পারে।
আলোচনায় গোয়াদার ফ্রি জোনে ওমানি বিনিয়োগের সম্ভাবনাও গুরুত্ব পেয়েছে। বিশেষ করে লজিস্টিকস, গুদাম ব্যবস্থাপনা ও মৎস্য খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়েছে।
এ ছাড়া বন্দর ব্যবস্থাপনা, ড্রেজিং, ডিজিটাল বন্দর পরিচালনা, কারিগরি সহযোগিতা এবং বন্দরকর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের বিষয়ও আলোচনার আওতায় ছিল।
প্রতিবেদন অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যে উভয় দেশ নিজ নিজ মন্ত্রণালয়ের মাধ্যমে একটি সমঝোতা স্মারক (MoU) চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করতে পারে। এ চুক্তি বাস্তবায়িত হলে ওমান ও পাকিস্তানের মধ্যে সামুদ্রিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হওয়ার পাশাপাশি আঞ্চলিক লজিস্টিকস নেটওয়ার্কেও নতুন মাত্রা যোগ হতে পারে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে